এশিয়া কাপের টিকিট পাবেন যেভাবে

অনলাইন ডেস্ক

আগামী ৩০ আগস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। ১৫ বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এশিয়া কাপের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে এশিয়া কাপের টিকিট।

এবারের আসরে অনলাইন এবং অফলাইন; দু’ভাবেই পাওয়া যাবে টিকিট। অনলাইনে টিকিট পাওয়া যাবে pcb.bookme.pk- এই ওয়েবসাইটে।

এবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। প্রথম ধাপে মুলতান ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি এবং প্রিমিয়াম টিকিটের দাম প্রকাশ করা হবে। ৭৬তম স্বাধীনতা দিবসে (১৪ আগস্ট) প্রথম শ্রেণি ও সাধারণ টিকিটের দাম ঘোষণা করা হবে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অফিসিয়াল সামাজিক মিডিয়া চ্যানেলের মাধ্যমে টিকিটের বিস্তারিত জানানো হবে।

এখনও শ্রীলঙ্কা পর্বের টিকিট বিক্রির দিনক্ষণ ঠিক করেনি আয়োজকরা। শ্রীলঙ্কা পর্বের টিকিটের বিস্তারিত যথাসময়ে ঘোষণা করা হবে।

আসন্ন এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে রাজি নয় ভারত। এজন্য পাকিস্তানের প্রস্তাবিত ‘হাইব্রিড মডেলে’ শ্রীলঙ্কার সাথে যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান।

মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ হবে। এরমধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ও শ্রীলঙ্কার মাটিতে ৯টি ম্যাচ হবে। গ্রুপ পর্বে ৬টি ম্যাচের মধ্যে ৩টি ও সুপার ফোরের ১টি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলঙ্কার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সবগুলো খেলা অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সাথে আছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে।

৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে ৩ সেপ্টেম্বর লাহোরে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এশিয়া কাপের সূচি

গ্রুপ পর্ব

৩০ আগস্ট : পাকিস্তান-নেপাল, মুলতান
৩১ আগস্ট : বাংলাদেশ-শ্রীলঙ্কা, ক্যান্ডি
২ সেপ্টেম্বর : পাকিস্তান-ভারত, ক্যান্ডি
৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর : ভারত-নেপাল, ক্যান্ডি
৫ সেপ্টেম্বর : আফগানিস্তান-শ্রীলঙ্কা, লাহোর

সুপার ফোর

৬ সেপ্টেম্বর : এ১-বি২, লাহোর
৯ সেপ্টেম্বর : বি১-বি২, কলম্বো
১০ সেপ্টেম্বর : এ১-এ২, কলম্বো
১২ সেপ্টেম্বর : এ২-বি১, কলম্বো
১৪ সেপ্টেম্বর : এ১-বি১, কলম্বো
১৫ সেপ্টেম্বর : এ২-বি২, কলম্বো

ফাইনাল

১৭ সেপ্টেম্বর : ফাইনাল, কলম্বো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights