এশিয়া কাপ আর্চারিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বর্ণ জিতলেন আলিফ

অনলাইন ডেস্ক
এশিয়া কাপ আর্চারিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ।

শুক্রবার সিঙ্গাপুরে চলমান এশিয়া কাপ আর্চারির রিকার্ভ পুরুষ এককের ফাইনালে ৬-৪ সেট পয়েন্টে জাপানের মিয়াতা গাকুতোকে হারিয়েছেন আলিফ।

এর আগে বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো আসরে অংশ নিলেও কখনও রিকার্ভ এককে পদক জিততে পারেননি আলিফ। অবশেষে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক পেয়েছেন বাংলাদেশের এই আর্চার। এই আর্চারের সুবাদে সিঙ্গাপুরে উড়লো লাল সবুজের পতাকা।

প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। প্রথম সেটে যেখানে আলিফের স্কোর ছিল ২৮, গাকুতোর স্কোর ছিল ২৭। পরের সেটে আলিফ করেন ২৯ এবং গাকুতো ২৮ পয়েন্ট স্কোর করেন। এরপরই অবশ্য ঘুরে দাঁড়ান জাপানি আর্চার। পরের দুই সেট আবারও জিতে খেলায় সমতা আনেন। তৃতীয় সেটে গাকুতো করেন ২৮। আলিফ করেন ২৭। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। স্কোর করেন ২৭। আলিফ ২৬ স্কোর করে পিছিয়ে পড়েন। এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা। রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ শটে আলিফ করেন ২৯। আর গাকুতো স্কোর করেন ২৬।

এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ এককের ফাইনালে চীনা তাইপের আর্চারের কাছে হেরেছিলেন বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ। পাবনার ছেলে এবার সিঙ্গাপুরের মাঠে চমক দেখালেন। রোমান সানা ও হাকিম আহমেদ রুবেলের পর নতুন করে আশা জাগাচ্ছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights