এশিয়া কাপ ট্রফি নিয়ে নকভির আচরণে আইসিসিতে অভিযোগ জানাবে ভারত
অনলাইন ডেস্ক
এশিয়া কাপ ফাইনালের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভির আচরণে ক্ষুব্ধ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ট্রফি প্রদান পর্বে বিতর্কিত ঘটনার পর নকভির বিরুদ্ধে আসন্ন আইসিসি সম্মেলনে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জয় করে ভারত। তবে ম্যাচশেষে ট্রফি প্রদান ঘিরে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সতীর্থরা প্রকাশ্যে নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। এরপর নকভি ট্রফি ও পদক নিয়ে সরাসরি স্টেডিয়াম ত্যাগ করেন। ফলে জয় সত্ত্বেও ভারতীয় দল মাঠে হাতে ট্রফি তুলতে পারেনি।
বিসিসিআইর সচিব দেবজিত শইকিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইচ্ছে করেই এসিসি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতে রাজি হইনি। তবে তার কোনো অধিকার নেই ট্রফি ও মেডেল নিয়ে যাওয়ার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ক্রীড়াসুলভ নয়। আমরা আশা করি, শিগগির ট্রফি ও মেডেল ফেরত দেওয়া হবে।’
তিনি আরও জানান, ‘নভেম্বরে দুবাইয়ে আইসিসি সম্মেলন বসবে। সেখানে আমরা নকভির এই আচরণের বিরুদ্ধে শক্ত ও গুরুতর প্রতিবাদ জানাব।’
উল্লেখ্য, এশিয়া কাপজুড়ে নকভিকে ঘিরে একের পর এক বিতর্ক দানা বেঁধেছে। কখনো হ্যান্ডশেক বিতর্ক, কখনো ম্যাচ রেফারি ডেভিড পাইক্রফটকে সরানোর দাবি, আবার কখনো ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট—সবক্ষেত্রেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।
ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ভারত শিরোপা জেতে। জয়ের নায়ক ছিলেন কুলদীপ যাদবের ঘূর্ণি বোলিং এবং তিলক ভর্মার অপরাজিত হাফসেঞ্চুরি। নির্ধারিত ওভারের আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারতীয় দল।
