এসএসসির ফল জানা হলো না রেজার, পরিবারে শোকের ছায়া
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের বাহুবলে এসএসসি পরীক্ষা দিয়েও নিজের ফলাফল জানা হলো না শিক্ষক হতে চাওয়া কাজী রেজা নামে এক তরুণের। পরীক্ষার ফল প্রকাশের আগের দিন শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চলে গেছে না ফেরার দেশে।
এদিকে, কাজী রেজার মৃত্যুতে স্বপ্ন ভেঙ্গেছে তার পিতা-মাতার। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
জানা যায়, উপজেলার চকরামপুর গ্রামের আব্দুল ওয়াদুদ আলফুর একমাত্র সন্তান কাজী রেজা। সে উপজেলার সানশাইন মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। দশম শ্রেণিতে পড়া অবস্থায় সেরা শিক্ষার্থীদের একজন ছিল কাজী রেজা। সহপাঠীদের সাথে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সে। পরীক্ষার ফল প্রকাশের অধীর অপেক্ষায় ছিল রেজা। সোমবার ফল প্রকাশ হয়েছে এবং সে পেয়েছে জিপিএ ৪.১১। কিন্তু সেই ফলাফল আর দেখা হলো না তার। ফল প্রকাশের একদিন আগে গত রবিবার দুপুরে শ্বাসকষ্টে আক্রান্ত হয় সে। পরিবারের লোকজন তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল কাজী রেজা। তবে পড়াশুনার প্রতি খুবই আগ্রহ ছিল তার। একমাত্র সন্তান হিসেবে তাকে নিয়ে পিতামাতার অনেক স্বপ্ন ছিল। বিজ্ঞান বিভাগে পড়শুনা করিয়ে ডাক্তার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন তার পিতা আব্দুল ওয়াদুদ। যদিও কাজী রেজা ইংরেজিতে অনার্স-মাষ্টার্স করে শিক্ষক হতে চেয়েছিল বলে পরিবারের লোকজন জানান।
রেজার পিতা আব্দুল ওয়াদুদ বলেন, একমাত্র ছেলে হিসেবে আমি তাকে ডাক্তার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু তার শখ ছিল শিক্ষক হওয়ার। এসএসসিতে মানবিক বিভাগে পড়তে চেয়েছিল। কিন্তু আমাকে খুশি করতে গিয়ে বিজ্ঞান বিভাগে পড়েছে। ভাবছিলাম এসএসসির পর ভালো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করবো এবং সে নিজের ইচ্ছেমত পড়াশুনা করে আমাদের স্বপ্ন পূরণ করবে। কিন্তু আজ ছেলেটি নেই। আল্লাহর দরবারে একটিও চাওয়া, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন।
সানশাইন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম সামছুদ্দিন আহমেদ বলেন, রেজা খুবই ভাল শিক্ষার্থী ছিল। এসএসসিতে তার ফলাফলও সন্তোষজনক এসেছে। প্রাথমিক থেকে সে আমাদের স্কুলের শিক্ষার্থী। তার আকস্মিক মৃত্যুতে স্কুলের সহপাঠীসহ আমরা মর্মাহত।
