এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকে অতীতে পাবলিক পরীক্ষাকালীন বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ থাকলেও এবার বন্ধ থাকছে না এসব প্রতিষ্ঠান।

এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়। এগুলো আমরা রিকগনাইজ করি না। এগুলো নিয়ে সরকারের কোনো লিস্ট নেই। কোথায় কোচিং সেন্টার হয় সেটিও আমি জানি না।

কোচিং সেন্টারগুলো সরকারের কাছে ট্রেড লাইসেন্স নিয়ে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছে, সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে-তাহলে এসব প্রতিষ্ঠান বৈধ প্রতিষ্ঠান নয় কিভাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ট্রেড লাইসেন্স সিটি কর্পোরেশন দেয়। শিক্ষা মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত নয়।

মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন সময়ে যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারাদেশের দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার হল যেন পরীক্ষাবান্ধব থাকে সেটি নিশ্চিত করতে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষার্থীদের পরীক্ষাভীতি তৈরি করছে বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী।

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights