এসএসসি পরীক্ষার হলে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক
নোয়াখালীর চাটখিলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা চলাকালীন পরীক্ষা কক্ষে ঘুমাচ্ছিলেন দুই শিক্ষক। দায়িত্ব অবহেলার অভিযোগে চলতি বছর এসএসসি/সমমান পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

মল্লিকা দিঘীর পাড় ফাযিল মাদরাসা কেন্দ্রে পরিদর্শনে গিয়ে মঙ্গলবার দুপুরে দায়িত্বে অবহেলা দেখতে পেয়ে দায়িত্বরত দুই শিক্ষককে অব্যাহতি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন দাখিল পরীক্ষা কেন্দ্র-২ (মল্লিকা) থেকে হল পর্যবেক্ষক ও খোয়াজেরভিটি ফাজিল মাদরাসার সহকারী মৌলভী আবদুস শহীদ ও মমিনপুর দাখিল মাদরাসার সহকারী মৌলভী মো. মুজ্জাম্মিল।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কেন্দ্র কমিটির সভাপতি মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ইংরেজি ২য় পত্রের পরীক্ষা চলাকালে তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাই। আমি পরিদর্শনে গিয়ে দেখি সংশ্লিষ্ট এই দুই শিক্ষক পরীক্ষা কক্ষে বসে ঘুমাচ্ছিলেন। আর পরীক্ষার্থীরা দেখাদেখি ও কথা বলে লিখছিল। ফলে তাদের দায়িত্ব অবহেলার কারণে চলতি এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights