এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষা বোর্ড

অনলাইন ভার্সন
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। এ ঘটনার পর শিক্ষাবোর্ড সাফ জানিয়ে দিয়েছে, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

সংশ্লিষ্টদের দাবি, শিক্ষার্থীদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।

ইতোমধ্যে জুন মাসের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে আন্ত:শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার‌ গণমাধ্যমকে বলেন, ‘ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ। সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জামাদি পাঠানো শেষ।

এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। পরীক্ষা পেছানোর যেসব দাবি করেছে সেগুলোর কোনো যৌক্তিকতা নেই। তাদের এসব দাবি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।’

এস এম কামাল উদ্দিন হায়দার‌ বলেন, ‘আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার পক্ষে। শিক্ষার্থী নামধারী কিছু কিছু ব্যক্তি ফেসবুকের মাধ্যমে পরীক্ষা পেছানোর ষড়যন্ত্র করছে।’

তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে অনুরোধ করেন।

পরীক্ষা পেছানোর দাবি উড়িয়ে দিয়ে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বড় ধরনের অস্থিরতা তৈরি না হলে নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। তাই পরীক্ষার্থীদের এখনই চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights