এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

অনলাইন ডেস্ক

এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়েই লা লিগার শিরোপা প্রায় পুনরুদ্ধার করে ফেলে বার্সেলোনা। তাদের কেবল ২ পয়েন্ট প্রয়োজন ছিল। মৌসুমের দুই ম্যাচ বাকি থাকতেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে কাতালানদের চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করলেন লামিনে ইয়ামাল।

১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা নিজে গোল করেছেন, সতীর্থকে দিয়ে আরেকটি করিয়েছেন। যার সুবাদে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে ২৮তম লা লিগা জিতল বার্সেলোনা।

গতকাল (বৃহস্পতিবার) রাতে প্রতিপক্ষের মাঠ আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে সেভাবে সুবিধা করতে পারছিলেন না ইয়ামাল। দ্বিতীয়ার্ধে তিনি কাতালানদের চিরচেনা ছন্দে ফেরালেন। তার পাশাপাশি এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেছেন ফার্মিন লোপেজ। গত মৌসুমে লা লিগায় ৩৬তম শিরোপা জিতেছিল রিয়াল। এবার তাদের দুইয়ে রেখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা শিরোপা পুরুদ্ধার করল।

কাতালানরা ম্যাচে প্রথম সুযোগ পায় ত্রয়োদশ মিনিটে। যদিও রবাট লেভান্ডফস্কি বক্সের সামনে থেকে জোরালো শট লক্ষ্যে রাখতে পারেননি। মিনিট তিনেক বাদে এস্পানিওলের জোরালো শট ঠেকিয়েছেন বার্সা গোলরক্ষক ভয়চেক সিজনি। এভাবে উভয় দল বিরতির আগপর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউ গোলের দেখা পায়নি। ম্যাচের ডেডলক ভাঙা প্রথম গোলটি আসে দ্বিতীয়ার্ধের অষ্টম (৫৩) মিনিটে। দানি অলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়া করার একপর্যায়ে কয়েকজনকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ইয়ামাল।

পিছিয়ে পড়া স্বাগতিক এস্পানিওল আরেকবার ধাক্কা খায় ৮০তম মিনিটে। ইয়ামালের কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তার পেটে জোরে আঘাত করে বসেন ডিফেন্ডার লিয়ান্দ্রো ক্যাবরেরা। ভিএআরে মনিটরে দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে বাকি সময় এস্পানিওল খেলে একজন কম নিয়ে। নির্ধারিত সময় শেষ হয় ১-০ গোলে। তবে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটেই লিড দ্বিগুণ করে বার্সেলোনা। লেভান্ডফস্কির বদলি নামা লোপেজ ইয়ামালের বাড়ানো বল ধরে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।

লা লিগার ট্রফি পাওয়ার অপেক্ষায় থাকা কাতালানদের ৩৬ ম্যাচে পয়েন্ট ৮৫। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়াল ৭৮ পয়েন্ট পেয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই শিরোপা পুনরুদ্ধারে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে কার্লো আনচেলত্তির দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights