এ যেন জমজমাট ঘোড়ার মেলা!

অনলাইন ভার্সন

ঐতিহ্যবাহী দিনাজপুরের চেরাডাঙ্গী মেলা নয় যেন জমজমাট ঘোড়ার মেলা! বাহারী নামের ঘোড়া নিয়ে গ্রাম-বাংলার উদ্বোধনী দিন থেকেই চেরাডাঙ্গী মেলা জমজমাট। মেলায় আসছে হাজার হাজার মানুষ। আর দেশের বিভিন্ন এলাকা থেকে বিক্রির জন্য ঘোড়া নিয়ে মেলায় এসেছেন ব্যবসায়ীরা। রাজা বাবু, বিজলী রানী, রাস্তার পাগল, রংবাজ, পারলে ঠেকাও, কাজলি, তাজিয়া, কুমার রাজা, বিজলী, বাহাদুর এমন বাহারি নামের ঘোড়া বিক্রির জন্য দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার এই মেলায়। অথচ এক সময় এই মেলায় ঘোড়া ছাড়াও গরু-মহিষ, উট এমনকি দুম্বাও বিক্রি হতো। এখন তার পরিবর্তে জায়গা করে নেয় গরু, মহিষ এবং ঘোড়া। তবে ঘোড়ার উপস্থিতি দেখে মনে হবে শুধু ঘোড়া বিক্রির জন্য বসেছে ঘোড়ার হাট। এবার কমপক্ষে ৬শ ঘোড়া বিক্রির জন্য এসেছে বলে ব্যবসায়ীরা জানায়। ২০ হাজার থেকে দেড় লাখ টাকা দামের ঘোড়া উঠেছে। ঘোড়া কেনা-বেচা মেলা উদ্বোধনের ৩ দিন আগে থেকে এক সপ্তাহ চলে। তবে মেলায় ঘোড়ার আমদানি চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ৭৮ বছর ধরে চলে আসা মাসব্যাপী এই গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গী মেলার উদ্বোধন করা হয়েছে। প্রায় আড়াই কিলোমিটার বর্গাকার এই মেলাকে ঘিরে স্থানীয়ভাবে প্রায় ২০ গ্রামে চলে মেজবান আয়োজন। যদিও দিন দিন এসব কমতে শুরু করেছে। তবে মেলায় ঘোড়া বিক্রি হলেও বিনোদনের জন্য সার্কাস, নাগরদলা, পুতুল নাচ এবং সংসারের যাবতীয় আসবাবপত্র কাঠ, স্টিল ও প্লাস্টিকের ফার্নিচার, জুতা ও কাপড়সহ ৫০০ থেকে ৬০০বিভিন্ন রকমের পণ্য সামগ্রীর পসরা বসেছে এ মেলায়।

বগুড়া সদর থেকে ঘোড়া নিয়ে আসা মো. লিটন জানান, তারা বাহাদুর, বিজলী রানী ও রাস্তার পাগল নামের তিনটি ঘোড়া নিয়ে এসেছেন। ঘোড়া তিনটি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। একেকটি ঘোড়ার দাম রেখেছেন এক লাখ ৩০হাজার টাকা। কাঙ্খিত দাম না পাওয়ায় বিক্রি করেননি।

পঞ্চগড় সদর উপজেলা থেকে এসেছেন আজাহার আলী দ্রুত গতির ‘পারলে ঠেকাও’ নামের ঘোড়া নিয়ে বিক্রির জন্য এসেছেন।

দিনাজপুরের চিরিরবন্দর থেকে ঘোড়া নিয়ে আসা আব্দুল্লাহ জানান, ঘোড়ার নাম দিয়েছেন রংবাজ। ৮০ হাজার টাকা পেলে রংবাজকে বিক্রি করে নতুন ঘোড়া কিনবেন।

দিনাজপুর শহরের ছয় রাস্তার মোড় এলাকার মোকাররম হোসেন শখের বসে একটি ঘোড়ার বাচ্চার দামদর করছিলেন। তিনি বলেন, কয়েক বছর ধরে ভাবছি একটা ঘোড়া কিনব। এবার চেরাডাঙ্গী মেলা থেকে ঘোড়ার বাচ্চা কেনার চেষ্টা করছি। কিন্তু দাম বেশি। তাই এখনও ঘোড়া কিনতে পারিনি।

বৃহস্পতিবার বিকালে দিনাজপুরে ঐতিহ্যবাহী বাংলাদেশ চেরাডাঙ্গী মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।

চেরাডাঙ্গী মেলা কমিটির প্রেসিডেন্ট রাশেদ-উজ জামান (রূপন) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ প্রমুখ। এছাড়াও চেরাডাঙ্গী মেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাজেদুর রহমান মাজেদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights