এ সপ্তাহে ব্যাংক থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা তোলা যাবে
অনলাইন ডেস্ক
নিরাপত্তাজনিত কারণে একজন গ্রাহক ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। আগে এ পরিমাণ চার লাখ থাকলেও আজ রবিবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে এর পরিমাণ বাড়ানো হলো। বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার এই নির্দেশনা দিয়েছে। দেশে ক্ষমতা পটপরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এ রকম নির্দেশনা জারি করেছে।
গত সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেত। তার আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ দুই লাখ এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হচ্ছে।
গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের এ–সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিরাপত্তার কারণে ব্যাংকের শাখায় টাকা স্থানান্তরে সমস্যা হচ্ছে। সে জন্য এক হিসাব থেকে পাঁচ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার এবং সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে।
এর আগেও, বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনায় ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) জরুরি বার্তা পাঠিয়ে বলা হয়েছে, নিরাপত্তার কারণে শাখায় টাকা স্থানান্তরে সমস্যার কথা উল্লেখ করা হয়েছে হচ্ছে। তবে নগদ টাকা উত্তোলনের সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।
