ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নজয়ে অটল প্রাণ’—২০তম বিশ্ববিদ্যালয় দিবসে রঙিন আয়োজন জবিতে

‎
‎
‎
‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:
‎
‎“ঐক্যবদ্ধ জবিয়ান, স্বপ্নজয়ে অটল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর উদযাপিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম বিশ্ববিদ্যালয় দিবস।
‎গৌরবের দুই দশক অতিক্রম করে নব অভিযাত্রায় পদার্পণ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
‎
‎বুধবার (১৫ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
‎এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে উদযাপনের সূচনা করা হবে।
‎
‎এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক এলাকা প্রদক্ষিণ করে আবার ক্যাম্পাসে ফিরে আসবে।
‎
‎সকাল ১০টা ৩০ মিনিটে শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা বিভাগ আয়োজিত চিত্র ও চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করা হবে। একই স্থানে গত বছরের চিত্র প্রদর্শনীর পুরস্কার প্রদান অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
‎
‎বেলা ১১টায় বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে সঙ্গীত বিভাগের উদ্যোগে থাকবে মনোজ্ঞ সাংগীতিক পরিবেশনা।
‎দুপুর ১টা ১৫ মিনিটে কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
‎
‎দুপুর ২টা ৩০ মিনিটে নাট্যকলা বিভাগ আয়োজন করবে শর্টফিল্ম প্রদর্শনী ও নাটক মঞ্চায়ন।
‎এরপর বিকাল ৩টা ৩০ মিনিটে ফিল্ম ও টেলিভিশন বিভাগ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করবে।
‎
‎বিকেল ৪টা ১৫ মিনিটে বিজ্ঞান ভবনের প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হবে।
‎সবশেষে বিকেল ৫টা থেকে শুরু হবে ব্যান্ড সংগীত ও বহিঃশিল্পীদের অংশগ্রহণে বর্ণিল কনসার্ট, যা দিবসটির সমাপনী অনুষ্ঠানে পরিণত হবে।
‎
‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights