ঐক্যবদ্ধ নির্বাচন রোহিঙ্গা সংকট সমাধানে সহায়ক: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মুক্তিযুদ্ধ, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি আন্তর্জাতিক সমস্যা এবং রাজনৈতিক ইস্যু। যদি আসন্ন নির্বাচন ঐক্যবদ্ধভাবে সম্পন্ন করা যায়, বাংলাদেশের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালি হবে। এই অবস্থানকে ভিত্তি করে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি সম্ভব হবে।

শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি হলে’ চট্টগ্রাম ফোরাম আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফারুক-ই-আজম আরও বলেন, রোহিঙ্গাদের মনে ভয়াবহ স্মৃতি রয়ে গেছে। তারা ঘরবাড়ি, সংস্কৃতি ও জীবনযাপনের ভিত্তি হারিয়েছে। বিশেষ করে রোহিঙ্গা শিশুদের জীবন সবচেয়ে অনিশ্চিত। রাষ্ট্রহীন অবস্থায় বেড়ে ওঠা এই প্রজন্ম একদিকে বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে খাপ খেতে চায়, অন্যদিকে পরিচয় সংকটে ভুগছে। এটি একটি দীর্ঘমেয়াদি মানবিক চ্যালেঞ্জ।

সভায় এডভোকেট জিয়া হাবিব আহসান সভাপতিত্ব করেন এবং সাংবাদিক সালেহ নোমান সঞ্চালনা করেন। ধারণাপত্র উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক।

আলোচনায় অংশ নেন যুগ্ম সচিব অবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ আহসান খালিদ, আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান নুরুল ইসলাম, প্রফেসর আহমদ হোসাইন, ডা. সারোয়ার আলম, ড. শফিকুল ইসলাম চৌধুরী, মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা, সহকারী অধ্যাপক ফয়জুন্নেসা তরু, সাংবাদিক হোসাইন জিয়াদ, এম এ কাদের প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights