ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সভা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। এই অচলাবস্থা দূর করতে বৃহস্পতিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভা হওয়ার কথা ছিল। তবে সেই সভা স্থগিত করা হয়েছে।

সভা স্থগিতের কারণ হিসেবে ওবায়দুল কাদেরের রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলা হচ্ছে। যদিও পরে কবে মিটিং হবে সেই তারিখও জানানো হয়নি। দুপুরে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদা।

এদিকে, আজসহ টানা চার দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষকেরা। এতে অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৩৫টি পাবলিক ও সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
এমন পরিস্থিতিতে ছাত্রলীগের একজন সাবেক নেতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করে শিক্ষকদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসার কথা বলেন ওবায়দুল কাদের। এ বৈঠক সামনে রেখে গতকাল বুধবার রাতে ফেডারেশনের একটি সভাও হয়। কিন্তু আজ সকালে সভাটি স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights