ওমানের বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক

ওমানের বিভিন্ন স্থানে অব্যাহত ভারী বর্ষণের পর আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অঝোর ধারার বর্ষণের ফলে গতকাল সকাল থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওমানের নাগরিক ও বাসিন্দারা। গতকাল রবিবার বন্যার তীব্রতায় অনেকেই নিজ বাড়িতে আটকে যায়। এছাড়া সড়কে পানি জমে গাড়ির মধ্যেও কেউ কেউ আটকে যান।

এর মধ্যে রাস আল জাবাল, ওয়াদি হাইম, ওয়াদি আল ওয়াহরা, মুধাইবির একাধিক স্রোতের কবল থেকে বহু আহতকে উদ্ধারের তথ্য পাওয়া যায়। এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে ২৭ শিক্ষার্থীকে বহন করা একটি বাস ওয়াদিতে ভেসে গেলে চারিদিকে হইচই পড়ে যায়। পরে তাদের সফলভাবে উদ্ধার করে রেস্কিউ টিম।

এই পরিস্থিতি আগামী বুধবার পর্যন্ত স্থায়ী হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে এবারও বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যার সময় সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টির তীব্রতা বেশি থাকায় বিভিন্ন সড়কে পানি জমে গেছে, ডুবে গেছে নিম্নাঞ্চলের দোকানপাট ও বাসাবাড়ি। ওয়াদিতে পানির স্রোত বাড়ায় সড়কের যান চলাচলও স্থবির হয়ে পড়েছে। এরমধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ ওয়াদি পার হতে গিয়ে বিপদে পড়েছেন বলে খবর দিয়েছে সিভিল ডিফেন্স।
ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টারের দেয়া বিশ্লেষণ অনুযায়ী মাস্কাট, মুসান্দাম, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, বুরাইমি, আল শারকিয়্যাসহ দেশের বেশিরভাগ যায়গাতেই গত শনিবার রাত থেকে গতকাল রবিবার গোটা দিন শিলাবৃষ্টিসহ ভারী মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সূত্র : খালিজ টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights