ওমান উপকূলে জাহাজে হামলা প্রাণে বাঁচলেন বাংলাদেশি নাবিক
বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশি এক নাবিক। তার নাম মো. আমান উল্লাহ। তিনি এমভি কেপ দাও নামের একটি বিদেশি বাল্ক ক্যারিয়ারে প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত।বুধবার (২৪ সেপ্টেম্বর) এন্টিগুয়া অ্যান্ড বারমুডার পতাকাবাহী জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের দিকে যাওয়ার পথে ওমান উপকূলে হামলার শিকার হয়।
এদিকে হামলার সময় উদ্বিগ্ন ওই বাংলাদেশি নাবিক তার ছেলে সাকিব আমানের হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠান। তিনি কান্নাজড়িত কণ্ঠে ছেলের উদ্দেশে বলেন, আব্বু, আব্বু, আমাদের জাহাজে মিসাইল অ্যাটাক হইছে। দোয়া করো আব্বু, দোয়া করো। হয়তো আর কমিউনিকেশন করতে পারব না, আব্বু। সাবধানে থাইকো। আর দোয়া করো। আম্মুকে (সাকিবের মা) এই কথা বলার দরকার নাই। আম্মু খুব চিন্তা করবে।
এই অডিও বার্তার কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা। তারা থাকেন চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায়। অবশ্য পরবর্তীতে প্রকৌশলী আমান উল্লাহ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে জানান, তিনিসহ হামলার শিকার জাহাজের জীবিত নাবিকদের সরিয়ে ওমানে নেওয়া হয়েছে।
প্রকৌশলী আমান উল্লাহর ছেলে সাকিব আমান বলেন, উদ্ধারের পর আব্বু এখন ওমান নেভির হেফাজতে আছেন। তিনি ভালো আছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মিসাইল হামলায় জাহাজটির ইঞ্জিনকক্ষ ও আবাসন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। রয়্যাল নেভি অব ওমান ২৭ নাবিককে উদ্ধার করে। একজন নাবিক নিহত হন।
