ওমান উপকূলে ট্যাঙ্কারে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জাহাজটির ওয়াটারলাইনের কাছাকাছি অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অবরুদ্ধ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ওই অঞ্চলে যখন চরম উত্তেজনা বিরাজ করছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের মাস্কাট থেকে প্রায় ৬০ নটিক্যাল মাইল পূর্বে ওমান উপসাগরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিক অনুসন্ধান শেষে সংস্থাটি একে একটি বাহ্যিক বিস্ফোরণ বলে অভিহিত করেছে, তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট করা হয়নি।

জাহাজটির মাস্টার জানিয়েছেন, বিস্ফোরণের ফলে কিছু জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়েছে। তবে জাহাজের ক্রু এবং মূল কাঠামো বর্তমানে নিরাপদ রয়েছে।

বিশ্বের মোট তেল উৎপাদনের প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ করা হয় এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে। সাম্প্রতিক সময়ে এই নৌপথটি অবরুদ্ধ করার অংশ হিসেবে ইরান এর আশেপাশের জলসীমায় মাইন পুঁতে রাখছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন বাহিনী ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনের কাজে নিয়োজিত নৌযান লক্ষ্য করে রাতভর বিমান হামলা চালায়।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights