ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন শহরের কাছাকাছি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ দাবানলের কারণে শনিবার হাজারো মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, অন্যতম ভয়াবহ দাবানল মৌসুম রেকর্ড হওয়ায় অঙ্গরাজ্য জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

টানা চতুর্থ বছরের মতো রেকর্ড খরার মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে ২ লাখ একরেরও বেশি এলাকা আগুনে পুড়ছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গভর্নর বব ফার্গুসন এক বিবৃতিতে বলেন, ‘রেকর্ড খরা এবং তীব্র বাতাস পুরো অঙ্গরাজ্যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তিনি জানান, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত অধিকাংশ উন্মুক্ত স্থানে এবং কৃষিকাজে আগুন জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে।

পাবলিক ল্যান্ডস কমিশনার ডেভ আপথেগ্রোভ বলেন, ‘এ বছর ইতোমধ্যেই আমাদের রেকর্ডের অন্যতম ব্যস্ত দাবানল মৌসুম চলছে। অথচ আগস্ট মাস মাত্র শুরু হয়েছে।’

স্থানীয় স্পোকসম্যান-রিভিউ পত্রিকার খবরে বলা হয়, ‘ওল্ড ট্রেইলস’ নামে পরিচিত দাবানলটি শনিবার বিকেলে স্পোকেন নদী অতিক্রম করে শহরের ভেতরে প্রবেশ করে।

সরকারের সরিয়ে নেওয়ার মানচিত্র অনুযায়ী, শহরের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ‘গো নাউ’ জারি করা হয়েছে। এতে শহরের সীমানার ভেতরে থাকা হাজারো মানুষকে দ্রুত এলাকা ছাড়তে বলা হয়েছে।

স্পোকসম্যান-রিভিউ জানায়, স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত আগুনের বিস্তার ৩ হাজার ৫০০ একরের বেশি এলাকায় পৌঁছেছে।

শহর কর্তৃপক্ষ কোনো হতাহতের খবর জানায়নি।

মেজর জেনারেল জেন্ট ওয়েলশ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সূর্য অস্ত যাওয়ার পর এবং আগামীকাল সূর্য ওঠার সময় আমরা হতবাক হয়ে যাব।’

জরুরি কর্তৃপক্ষ স্পোকেন কনভেনশন সেন্টারে দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র চালু করেছে।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস পূর্ব ওয়াশিংটনের জন্য ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতি’ উল্লেখ করে ‘রেড ফ্ল্যাগ অ্যালার্ট’ জারি করে। এতে আবহাওয়াজনিত ঝুঁকিকে ‘চরম’ বলে উল্লেখ করা হয়।

ওয়াশিংটন ন্যাশনাল গার্ড এক্সে দেওয়া এক পোস্টে জানায়, স্পোকেন অঞ্চলে সহায়তার জন্য তারা ‘দ্রুতগতিতে ইউনিট মোতায়েন’ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights