কক্সবাজারে অক্টোবরে আন্তর্জাতিক ফ্লাইট চালু: উপদেষ্টা
কক্সবাজার প্রতিনিধি
আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ তথ্য দেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, আন্তর্জাতিক বিমান চলাচল শুরুর জন্য দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। আন্তর্জাতিক টার্মিনাল ভবনের কাজ ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রথমে একটি বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে, পরে ধাপে ধাপে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। যাত্রীদের জন্য আকর্ষণীয় মূল্যে টিকিট দেওয়ার চেষ্টা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা।
