কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ: চমেকে ভর্তি ৬ জনের অবস্থাই সংকটাপন্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ছয় জনকে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন ছয়জনের অবস্থাই সংকটাপন্ন। তাদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে।

এর আগে গত বুধবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকায় এন আলম এলপিজি গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত (লিকেজ) হয়ে আগুন ধরে যায়। পাম্পের কর্মচারীরা বালু ও পানি ছিটিয়ে তা নেভান। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আবার আগুন ধরে যায়। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ ছয়জনকে চমেক হাসপাতালে আনা হয়।

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মোহাম্মদ এস খালেদ বলেন, কক্সবাজার থেকে আসা ছয়জন রোগী বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। তাঁদের শরীরের ২০ থেকে ৯০ শতাংশ পুড়েছে। সবারই অবস্থা সংকটাপন্ন।

প্রসঙ্গত, এর আগে গত সোমবার ভোরে চট্টগ্রাম হালিশহরে হালিমা মঞ্জিলে ছয়তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটেও বিস্ফোরণে ৯ জন দগ্ধ হন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয় এবং চারজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights