কক্সবাজারে ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে ছৈয়দ নুর (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকপাড়া ডান্ডিবাজার এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ছৈয়দ নুর ওই এলাকার ছব্বির মাঝির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, দুপুরের পর স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন করে জানান, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং ছৈয়দ নুরের মরদেহ ভেতরে ঝুলছে। পরে তিনি ঈদগাঁও থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নজরুল ইসলাম আরও জানান, ছৈয়দ নুর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। একবার স্ট্রোক করেছিলেন বলেও তিনি শুনেছেন। তিনি পরিবারের সঙ্গে না থেকে দীর্ঘদিন ধরে আলাদা একটি ঘরে একা বসবাস করতেন।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, প্রাথমিকভাবে রশিতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
