কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার রাতে রামু উপজেলার রাজারকুলে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নাহিদ রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা এবং আব্দুস সালামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের মাধ্যমে ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে নাহিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে উভয় পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে ইতিবাচক আলোচনা হলেও, সেই সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ২৭ এপ্রিল কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে ভুক্তভোগীকে নিয়ে গিয়ে প্রতারণার মাধ্যমে ধর্ষণ করা হয়। ঘটনার পর কোনো সামাজিক স্বীকৃতি বা বিয়ের ব্যবস্থা না করে আসামি বিদেশে চলে যান। সম্প্রতি দেশে ফিরে এলেও তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং বিভিন্নভাবে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল রামু থানার রাজারকুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত আসামি নূরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও র‍্যাব জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights