কক্সবাজারে নারী পর্যটককে যৌন হয়রনির অভিযোগে ৫ যুবক আটক
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটককৃতরা হলেন, আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০) জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)।
ভুক্তভোগীর বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ জানান, মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতের ঘুরতে বের হয়েছিলেন এক নারী পর্যটক এবং তার স্বামী। হঠাৎ করেই ৫ জন যুবক তাদের ঘিরে ধরে এবং নানা অজুহাতে কথা বলা শুরু করে। একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে সানজিদা চিৎকার করে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে।
এসময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে ৫ জনকে আটক করে। এছাড়াও তাদের সঙ্গে থাকা সাবিক (১৮) ও ওয়ালিদ (২৫) নামের দুইজন পলাতক রয়েছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
আটককৃত আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
