কক্সবাজার ও টেকনাফে র্যাবের অভিযানে গ্রেফতার ৩
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজার সদরের নতুন ঘোনারপাড়া ও ফজু সিকদারপাড়া এবং টেকনাফ থানাধীন সাতঘরিয়াপাড়া এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়ার সৈয়দ নুরের ছেলে আবুল কাশেম (৪০), একই ইউনিয়নের ফজু সিকদারপাড়ার মৃত ছৈয়দুজ্জামানের ছেলে বক্কর সিদ্দিক (২৯) ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাত ঘরিয়াপাড়ার মৃত ইসলামের ছেলে ইব্রাহীম (৩৫)।
কক্সবাজার র্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ভোরে কক্সবাজার সদর মডেল থানার মামলা মোতাবেক গ্রেফতারি ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কাশেমকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদরের নতুন ঘোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। এছাড়া একইদিন কক্সবাজার সদরের ফজু সিকদারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়।
অন্যদিকে টেকনাফ থানার মামলায় পরোয়ানা ওয়ারেন্টভুক্ত আসামি ইব্রাহীমকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, সিপিএসসি এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। বর্ণিত আসামা টেকনাফ থানাধীন সাতঘরিয়াপাড়া এলাকায় আত্মগোপনে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত আসামা ইব্রহীমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
