কক্সবাজার-টেকনাফ সড়কে বাসে ডাকাতি, গুলিবিদ্ধ ১

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দমদমিয়া ১৪ নম্বর সেতু এলাকায় যাত্রীবাহী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। ডাকাত দল বিকাশের তিন কর্মীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে।

রবিবার দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. আরমান (২৪)। এ ছাড়া সাকিব (২১) ও একরাম (২২) নামে আরও দুজন আহত হয়েছেন। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভা এলাকায়।

স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া ১৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত সড়কে গাছ ফেলে বাসটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে ডাকাতি চালানো হয়। ওই বাসে বিকাশের তিনজন বিক্রয় প্রতিনিধি (এসআর) টেকনাফের একটি ব্যাংক থেকে টাকা তুলে হ্নীলা ও হোয়াইক্যং এলাকার এজেন্টদের কাছে নিয়ে যাচ্ছিলেন। তাদের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করা হয়।

স্থানীয়রা জানান, ডাকাতদের গুলিতে আরমান নামের এক ব্যক্তি আহত হন। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে দুর্বৃত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights