কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু, আরেকজন নিখোঁজ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন দুই পর্যটক। এদের মধ্যে ইয়াসিন খান (২৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান (২৪) নামের আরেকজন। তারা দু’জনই ঢাকার কুড়িল (আফতাবনগর) এলাকার বাসিন্দা এবং একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।
বীচকর্মী ও মৃতের স্বজনদের সূত্রে জানা যায়, ওই কোম্পানির বার্ষিক ভ্রমণে তারা সম্প্রতি কক্সবাজারে যান। দুপুরে সাগরে গোসল করতে নামলে হঠাৎ তীব্র স্রোতের টানে ইয়াসিন ও ইব্রাহিম দু’জনই ভেসে যান। বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে লাইফগার্ড কর্মীরা সাগরে নেমে ইয়াসিন খানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
লাইফগার্ডের বরাতে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সকলে লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন। সেখানে গোসলে নামা বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়াল না করে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে পড়ে বিপদাপন্ন হন। তিনজন প্রাণান্তকর চেষ্টায় তীরে উঠে আসে। ইয়াছিন ও ইব্রাহিম ওই এলাকায় তৈরি হওয়া গর্তে আটকে যায়।
তিনি আরও জানান, তীরে আসা সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপদাপন্নদের উদ্ধারে নামে। তাদের প্রচেষ্টায় ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর সহযাত্রী ইব্রাহিমকে নানাভাবে চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সী-সেইফ লাইফ গার্ড সদস্যরা মিলে কাজ করছে।
