কখনো ইতালি না গিয়েও সেই দেশের হয়ে বিশ্বকাপ খেলবেন স্মাটস

স্পোর্টস ডেস্ক

কখনো ইতালির মাটিতে পা না রেখেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির জার্সিতে খেলতে যাচ্ছেন জে জে স্মাটস। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার স্ত্রীর মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন স্মাটস। এই সময়ে তিনি ছয়টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেন। তবে দীর্ঘ বিরতি, দক্ষিণ আফ্রিকার দলীয় কাঠামোর সমস্যা এবং দলে তীব্র প্রতিযোগিতার কারণে জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।

জাতীয়তা পরিবর্তন করে নতুন ক্যারিয়ার গড়ার বিষয়ে শুরুতে অনিচ্ছুক ছিলেন স্মাটস। তবে স্ত্রী জুদির আগ্রহেই শেষ পর্যন্ত ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এরপর নিজের পুরো পরিবারের জন্য ইতালিয়ান পাসপোর্টের ব্যবস্থাও করেন।

৩৭ বছর বয়সে এসে বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন, এটা কল্পনাও করেননি বলে জানান স্মাটস। তিনি বলেন,’আমি কখনো ভাবিনি যে আবার বিশ্বকাপ খেলব। তবে সবসময় আন্তর্জাতিক মানের অনুশীলন চালিয়ে গেছি, যাতে প্রয়োজন হলে সেরাটা দিতে পারি।’

ইতালির হয়ে খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি সচেতন বলেই জানান এই অলরাউন্ডার। তিনি বলেন,’দক্ষিণ আফ্রিকার হয়ে খুব বেশি ম্যাচ খেলিনি, কিন্তু যতটুকু খেলেছি, তাতে বুঝেছি আন্তর্জাতিক ক্রিকেট কতটা কঠিন। আমার শেষ কয়েকটি ম্যাচ ভালো হয়েছিল, সেই আত্মবিশ্বাস নিয়েই ইতালির হয়ে খেলতে এসেছি। আমি জানি এখনও দলের জন্য অবদান রাখতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights