কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কারের সময় নদীতে পড়ে সাদিক (২৫) নামে ফায়ার সার্ভিসের এক ডুবুরি সদস্য নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের নিতাইগঞ্জ এলাকার শীতলক্ষ্যা নদীর ফায়ার জেটিতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাদিক রাজবাড়ী জেলার কুমড়াকান্দি এলাকার আশরাফ শেখের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একজন অভিজ্ঞ ডুবুরি সদস্য ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় পদকও পেয়েছিলেন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও বিকেল পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ফায়ার জেটিতে জমে থাকা কচুরিপানা পরিষ্কারের কাজ চলছিল। এ সময় ডুবুরি সদস্য সাদিক, শামসুল এবং স্পিডবোটচালক সজল দায়িত্ব পালন করছিলেন। কাজের একপর্যায়ে সাদিক স্পিডবোট থেকে নদীতে পড়ে যান এবং মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হন।

তিনি আরও বলেন, সাদিক একজন দক্ষ ও দায়িত্বশীল ডুবুরি ছিলেন। বিভিন্ন উদ্ধার অভিযানে তার সাহসিকতা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় পদকে ভূষিত হন। তাকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights