কঠিন ফাঁদে পরিবার পরিকল্পনা
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
পরিবার পরিকল্পনা কর্মকর্তার চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুমোদিত পদ আছে মোট ১৯টি। এর মধ্যে ৯টিই শূন্য। চট্টগ্রামের মতো একটি গুরুত্বপূর্ণ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি), মেডিকেল অফিসার (সিসি), অফিস তত্ত্বাবধায়ক, ক্যাশিয়ার, কম্পিউটার অপারেটর ও গাড়িচালক নেই দীর্ঘদিন ধরে। ১৫ উপজেলার জনবলের অবস্থা আরও শোচনীয়।
পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলা কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে ২৪টি কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। পর্যাপ্ত জনবল না থাকায় খুঁড়িয়ে চলে কাজগুলো। জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘জনবল সংকটটা আমাদের জন্য বড় একটা সমস্যা। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলে আসছে। এ নিয়ে মন্ত্রণালয়ে আমরা একাধিকবার প্রতিবেদন পাঠিয়েছি। কিন্তু নানা জটিলতার কবলে পড়ে শূন্য জনবল পূরণ করা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করছি বিদ্যমান জনবল দিয়ে কাজ চালিয়ে নিতে।’
জেলা কার্যালয়সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ১৫ উপজেলায় অনুমোদিত পদ আছে ২ হাজার ৮০টি। এর মধ্যে কর্মরত আছেন ১ হাজার ৩৬৯ জন। বাকিগুলো শূন্য। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদ আছে ১৫টি, কর্মরত আছেন সাতজন, শূন্যপদ আটটি। সহকারী সার্জনের একটি পদ আছে সেটিও শূন্য। মেডিকেল অফিসারের (এমসিএইচ-এফপি) ২৮ পদ থাকলেও শূন্য সাতটি। মেডিকেল অফিসারের ১২টি পদ থাকলেও ছয়টি শূন্য। সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার ১৫ পদ থাকলেও ১২টিই শূন্য। সহকারী পরিবারকল্যাণ কর্মকর্তার (এসসিএইচ) ১৫ পদ থাকলেও ১৫টিই শূন্য। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের ২০ পদ থাকলেও আটটি শূন্য। সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের ১১৯ পদ থাকলেও ৬৭টি শূন্য। পরিবারকল্যাণ পরিদর্শিকার ২৭৯ পদ থাকলেও ১৬৩টি শূন্য। ফার্মাসিস্টের ৩৩ পদ থাকলেও ২১টি শূন্য। পরিবার পরিকল্পনা পরিদর্শকের ২১৩ পদ থাকলেও ২৪টি শূন্য। পরিবারকল্যাণ সহকারীর ৯৪১ পদ থাকলেও ২২৫টি শূন্য। দাই নার্সের ২৫ পদ থাকলেও ১৮টি শূন্য। অফিস সহায়কের ৩৬ পদ থাকলেও ২২টি শূন্য। নিরাপত্তা প্রহরীর ১০৭ পদ থাকলেও ৪১টি শূন্য।
প্রাপ্ত তথ্যানুযায়ী, জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা অফিস মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে আছে পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন, মাতৃ ও শিশু কর্মসূচি বাস্তবায়ন, উপজেলা পর্যায়ে নিয়মিত ও বিশেষ স্থায়ী পদ্ধতির কার্যক্রম আয়োজন নিশ্চিতকরণ, উপজেলা ও জেলা পর্যায়ে প্রত্যেক কর্মকর্তাকে যথাক্রমে কমপক্ষে ২০ জন ও ১০ জন দম্পতির উপাত্ত যাচাই করে যথাক্রমে মাসের ১০ ও ২০ তারিখের মধ্যে প্রেরণ, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রজননস্বাস্থ্য জরুরি প্রসূতি সেবা, শিশুবান্ধব, নারীবান্ধব ও কিশোর-কিশোরীদের সেবাকার্যক্রম বাস্তবায়ন তদারকি, উপজেলা কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে উপজেলা এমসিএইচ-এফপি ইউনিটের কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতকরণ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহের পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম ইউনিয়ন পর্যায়ের কর্মীদের মাধ্যমে সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণ, ইউনিয়ন কর্মীদের মাধ্যমে ওয়ার্ড-গ্রাম পর্যায়ে সেবা প্রদানের জন্য স্যাটেলাইট ক্লিনিক আয়োজন নিশ্চিতকরণ, পরিবারকল্যাণ সহকারীদের বাড়ি পরিদর্শনের মাধ্যমে পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণসহ উদ্বুদ্ধকরণ কার্যক্রম নিশ্চিতকরণ, এসবিএ ট্রেনিংপ্রাপ্ত পরিবারকল্যাণ সহকারীদের দ্বারা ইউনিট পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা ও গর্ভবতী মায়ের প্রসবকালীন সেবা নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে নিয়োজিত বেসরকারি সংস্থাসমূহ অধিভুক্তকরণ ও তাদের কাজে সহযোগিতা ও তত্ত্বাবধান, সরকারের নিয়মিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কার্যক্রমসহ বিশেষ দিনে পরিবার পরিকল্পনা বিভাগীয় মাঠকর্মীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, স্যাটেলাইট ক্লিনিকসহ সব সেবা কেন্দ্রে ডিডিএস কিট (ওষুধপত্র) এবং জন্মনিয়ন্ত্রণসামগ্রীসহ বিভিন্ন উপকরণের উপজেলা ও নিম্ন পর্যায়ে সরবরাহ নিশ্চিতকরণ, পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে সহায়ক তদারকি-মনিটরিং নিশ্চিত ও জোরদার করা এবং জনগণের কাছ থেকে প্রাপ্ত সেবা প্রদানে অনিয়ম বা অন্য কোনো অভিযোগের বিষয়ে তদন্তের ব্যবস্থা গ্রহণ।
