কদমতলীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ১

ঢামেক প্রতিনিধি

রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর বাজার ইকোপার্ক এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে যাত্রী শেখ ফরিদ (৫২) নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ আরও দুজন আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) বিকেলে ঘটনাটি ঘটে। অটোরিকশাটি কদমতলী থেকে যাত্রী নিয়ে পোস্তগোলার দিকে যাচ্ছিল।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর শেখ ফরিদকে বিকেল পৌনে ৪টায় মৃত ঘোষণা করেন। ইয়ামিন (৩২) নামে আরেক যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মোশাইদুল বলেন, ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে। নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা রয়েছে। অটোরিকশার চালক স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আরেক যাত্রী ইয়ামিন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ফরিদ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ তালাশপুর গ্রামের মৃত ওবায়দুল্লাহর ছেলে। বর্তমানে দনিয়া পলাশপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। আহত যাত্রী ইয়ামিন আলমবাগ এলাকায় থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights