কমিটিতে পদ না পেয়ে মহাসড়কে সাবেক ছাত্রদল নেতার মশাল মিছিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নবগঠিত সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে কুশপুত্তলিকা দাহ এবং মশাল মিছিল করেছেন থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী মো. রাজু।

বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকার বিপরীত পাশে মিছিল করেন তিনি। এ সময় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের কুশপুত্তলিকা দাহ এবং কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি অচিরেই কমিটি বাতিল করা না হলে ফের বিক্ষোভ করার ঘোষণা দেন তিনি।

জানতে চাইলে সিদ্বিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও সভাপতি পদপ্রার্থী মো. রাজু অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে অযোগ্যদের সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের কমিটিতে পদ দেওয়া হয়েছে এবং শামীম ওসমানের অনুসারীদের মাধ্যমে এই কমিটি করা হয়েছে। আমরা অবিলম্বে দেশনায়ক তারেক রহমানের কাছে এই কমিটি বিলুপ্ত করার জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগর জানান, যোগ্যতা এবং যাচাই-বাছাইয়ের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। তাই তিনি এই কমিটিতে স্থান পাননি। তবে তিনি কমিটির বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ জানিয়েছেন তা খুবই দুঃখজনক।

উল্লেখ্য, গত ৪ অক্টােবর দুপুরে আব্দুর কাদের জিলানী হিরাকে সভাপতি এবং শাহাদাৎ হোসেন রনিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights