কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য প্রেরণের আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত স্থায়ী, অস্থায়ী, খণ্ডকালীন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, বিষয়ভিত্তিক শিক্ষক ডাটাবেজ প্রস্তুতকরণ, প্রশিক্ষণ চাহিদা নিরূপন এবং ভবিষ্যৎ শিক্ষক প্রশিক্ষণ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষকদের ও কলেজের কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য হালনাগাদ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসব শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকদের তথ্য আগামী ১০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত (teachers.training@nu.ac.bd) ই-মেইলে পাঠাতে হবে। এ বিষয়ে গত ২৪ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তর থেকে নির্দেশনা সংবলিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে পাঠদানরত সব শিক্ষকদের বিষয়ভিত্তিক তথ্য, আইসিটি বিষয়ে কোর ট্রেনিং ও মাস্টার ট্রেনিংপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা, প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তালিকা এবং কলেজে কম্পিউটার ল্যাব আছে কি না/কয়টি কম্পিউটার আছে তা উল্লেখপূর্বক অবশ্যই নির্ধারিত ছক (পাঠানো এক্সেল ফাইল ফরমেট) ব্যবহার করে ই-মেইলে পাঠাতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
