কর্ণফুলীতে ছাড়া হবে ৯ হাজার কিউসেক পানি
অনলাইন ডেস্ক
রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি প্রায় বিপৎসীমার কাছাকাছি। তাই শনিবার আনুষ্ঠানিকভাবে কর্ণফুলী নদীতে ছাড়া হবে ৯ হাজার কিউসেক পানি। এরই মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটে ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে বলে জানায় জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ।
জলবিদ্যুৎ কেন্দ্রের সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রায় প্রতিনিয়ত রাড়ছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। এরই মধ্যে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানির রয়েছে জলবিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী ১০৪.০১ ফুট বা এমএসএল। যদি ১০৯.০০ ফুট বা এমএসএল হয় তাহলে বিপৎসীমা অতিক্রম করবে। তাই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের ভারসাম্য রক্ষা করতে হ্রদের পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রাঙামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, শনিবার বেলা ১১টায় রাঙামাটি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খোলা হবে। আর কর্ণফুলী নদীতে পানি ছাড়া হবে প্রায় ৯ হাজার কিউসেক পানি।
