কলাপাড়ায় পিচঢালা সড়ক ধসে পড়ল খালে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি পিচঢালা সড়ক খালের মধ্যে ধসে পড়েছে। এলইজিইডির নির্মিত সড়কটি প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের অংশ নিয়ে ধসে পড়েছে। এ ছাড়া দেখা দিয়েছে ফাটল।
শনিবার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশের খাল থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় সড়কে ভাঙন দেখা দিয়েছে।
এদিকে ভাঙনের কারণে রজপাড়া, টিয়াখালী বাজার ও পাশ্ববর্তী ধানখালী এবং চম্পাপুর ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক লাগোয় একটি খালে মাছ চাষ করে প্রভাবশালীরা। ওই রাতে মাছ ধরার জন্য পানি সেচ শুরু করে। হঠাৎ বিকট শব্দে সড়কটি বিশাল এলাকা নিয়ে ধ্বসে খালের পড়ে যায়। একই সঙ্গে বিভিন্ন স্থানে ফাটল ধরে।
স্থানীয় বাসিন্দা মো.বশির আকন বলেন, শনিবার রাত ৩টার দিকে একটা শব্দ পাই। এসে দেখি রাস্তাসহ বিশাল এলাকা নিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে। এছাড়া আরও অনেকটা জায়গা নিয়ে ফাটল ধরেছে। সেটাও যেকোনো সময় ভেঙে পড়তে পারে। খাল থেকে মাটি কাটার কারণে গুরুত্বপূর্ণ পাকা সড়কের এমন দশা হয়েছে।
এদিকে, খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এলইজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান বলেন, মাটি কাটার কারণে রাস্তা ভেঙে পড়েছে। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো। যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটি সংস্কার করে জনগণের জন্য চলাচলের উপযোগী করা হবে।
