কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

অনলাইন ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলা মৃধা (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কলাপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটির মা জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি ছোনখোলা গ্রামে তার নানির বাড়িতে থাকে। বুধবার দুপুরে শিশুটি ঘরের বাইরে খেলা করার সময় আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের ঘরে নিয়ে যায়। ওই ঘরে কেউ না থাকার সুবাদে শহিদুল শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং আলা মৃধা বাইরে থেকে পাহারা দেয়। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং অভিযুক্ত শহিদুলকে পালিয়ে যেতে সাহায্য করে আলা মৃধা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় দুজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এজাহারভুক্ত আসামি আলা মৃধাকে গ্রেফতার করা হয়েছে। প্রধান অভিযুক্ত শহিদুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights