কাইলি মিনোগকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
শোবিজ ডেস্ক
জনপ্রিয় পপ গায়িকা কাইলি মিনোগকে নিয়ে একটি পডকাস্ট অনুষ্ঠানে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করার পর শেষ পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। গত বৃহস্পতিবার কমেডিয়ান নিকি ওসবোর্ন পরিচালিত ‘বুশ ডিপ’ নামক একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই বিতর্কের জন্ম দেন তিনি। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালক প্রধানমন্ত্রীকে একটি কাল্পনিক খেলায় মেতে ওঠার অনুরোধ জানান, যেখানে নির্দিষ্ট তিন নারী তারকার মধ্যে কাকে তিনি বিয়ে, ডেট বা শারীরিক সম্পর্কের জন্য বেছে নেবেন— এমন প্রশ্ন করা হয়।
ওই খেলায় অজি গায়িকা কাইলি মিনোগ, অভিনেত্রী নিকোল কিডম্যান এবং পারফর্মার রোন্ডা বার্চমোরের নাম প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী শুরুতে কিছুটা ইতস্তত করেন। তিনি জানান, মাত্র ছয় মাস আগেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তবে সঞ্চালকের জোরাজুরিতে অ্যালবানিজ সরাসরি কাইলি মিনোগের নাম উল্লেখ করে বলেন, তিনি স্পষ্টভাবেই কাইলিকে বেছে নেবেন। এরপর সঞ্চালক যখন রসিকতা করে জানতে চান যে তিনি কাইলিকেই বিয়ে, ডেট এবং তার সঙ্গেই শারীরিক সম্পর্ক করতে চান কি না, তখন প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে বলেন, তিনি সবকিছুর জন্যই কাইলিকে বেছে নেবেন এবং কাইলি একজন অসাধারণ নারী। শুধু তাই নয়, নিজের দাম্পত্যজীবন ও স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও বেশ কিছু খোলামেলা ও বিতর্কিত মন্তব্য করেন তিনি।
দেশের প্রধানমন্ত্রীর মুখে একজন নারী তারকাকে নিয়ে এমন চটুল মন্তব্য আসতেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। বিরোধী দল লিবারেল পার্টির ছায়া যোগাযোগ ও ডিজিটাল নিরাপত্তামন্ত্রী এবং সিনেটর সারাহ হেন্ডারসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্তব্য করেন যে, মদ্যপ অবস্থায় পডকাস্টে দেওয়া প্রধানমন্ত্রীর এই বক্তব্য নারীদের প্রতি চরম অসম্মানজনক, যা সাধারণ অস্ট্রেলিয়ানদের জন্য লজ্জার এবং এটি প্রধানমন্ত্রীর মতো একটি মর্যাদাপূর্ণ পদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
অবশেষে দেশজুড়ে তৈরি হওয়া তীব্র বিতর্কের মুখে আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যম সিএনএন-এর কাছে পাঠানো এক বিবৃতিতে অ্যান্থনি অ্যালবানিজ তার সেই মন্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ও নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।
