কাগজপত্রের জটিলতায় মাঝপথে আটকা উরুগুয়ে দল, যা জানাল ফিফা

অনলাইন ভার্সন
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের উদ্দেশ্যে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিড়ম্বনায় পড়েছিল উরুগুয়ে জাতীয় ফুটবল দল। ফিফার দেওয়া চার্টার্ড ফ্লাইটের প্রয়োজনীয় কিছু নথিপত্র না থাকায় তাদের ফ্লাইট বিলম্বিত হয়।

রবিবার মেক্সিকোর প্লেয়া ডেল কারমেনের বেস ক্যাম্প থেকে উরুগুয়ে দলের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে পৌঁছানোর কথা ছিল।

উরুগুয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু সমস্যার কারণে মেক্সিকো থেকে রওনা হতে দেরি হয়েছে। স্কোয়াডের সদস্যরা বর্তমানে হোটেলেই বিশ্রাম নিচ্ছেন। ফিফার পক্ষ থেকে নতুন যাত্রার সময় নির্ধারণ করা হয়েছে বিকেল ৪টা ১৫ মিনিট।

পরবর্তীতে এই বিলম্বের কারণ ব্যাখ্যা করে ফিফা জানায় যে, এর জন্য সংশ্লিষ্ট বিমান সংস্থাই দায়ী ছিল।

এক বিবৃতিতে ফিফা জানায়, মেক্সিকোতে বিমান সংস্থার অনুমতি সংক্রান্ত একটি ভুলের কারণে কানকুন থেকে মায়ামিগামী উরুগুয়ে জাতীয় দলের ফ্লাইটটি বিলম্বিত হয়। এই সাময়িক অসুবিধার জন্য বিমান সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে। পুরো বিলম্বের সময় জুড়ে ফিফা উরুগুয়ে ফুটবল দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছিল। দ্রুত সমস্যা সমাধান করে তাদের ভ্রমণকে নির্বিঘ্ন করতে বিমানবন্দর ও পরিচালন সহযোগীদের সঙ্গে একযোগে কাজ করেছে।

অবশ্য উরুগুয়ে দল ইতিমধ্যেই মায়ামিতে পৌঁছেছে। কোচ মার্সেলো বিয়েলসা ও অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজের উপস্থিতিতে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটিও সম্পন্ন করেছে।

ভ্রমণসূচির এই পরিবর্তনের পরেও আগামী সোমবার সৌদি আরবের বিপক্ষে ম্যাচের আগে এই পরিস্থিতি দলের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন কোচ বিয়েলসা।

অধিনায়ক হিমেনেজ যোগ করেন, আমাদের কিছু জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। এটা একটা সমস্যাই ছিল, তবে আমরা এটিকে ইতিবাচকভাবেই কাজে লাগিয়েছি। কারণ আমরা হোটেলে বাড়তি কিছুটা সময় বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছি।

চলমান বিশ্বকাপে এইচ গ্রুপে রয়েছে উরুগুয়ে। এই গ্রুপে তাদের বাকি প্রতিপক্ষরা হলো সৌদি আরব, কেপ ভার্দে ও স্পেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights