‘কাচ্চি ভাই’য়ের ম্যানেজার ও ‘চা চুমুক’র মালিকসহ চারজন রিমান্ডে

অনলাইন ডেস্ক

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ‘কাচ্চি ভাইয়ের’ ম্যানেজার ও ‘চা চুমুক’র দুই মালিকসহ চারজনের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শনিবার মামলার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।

রিমান্ডপ্রাপ্তরা হলেন কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুল।
আজ তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আনছার মিলটন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ওই রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ওই ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন ভর্তি আছেন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights