কাতার-বাহরাইনে মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্নস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার উদ্দেশ্যে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ শুরু করেছে ইরান।
শনিবার কাতার এবং বাহরাইনের মার্কিন দূতাবাসগুলো তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। একইসঙ্গে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর ওই দেশগুলোতে বসবাসকারী আমেরিকান নাগরিকদেরও একই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই দূতাবাসগুলো দু’টি পৃথক বিবৃতিতে ঘোষণা করেছে, তারা ‘তাদের সকল কর্মীদের জন্য একটি আশ্রয় পরিকল্পনা বাস্তবায়ন করছে’। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আমেরিকান নাগরিককেও একই কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে।
এক সতর্কবার্তায় আইডিএফ জানিয়েছে, “জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি দূর করতে ও প্রতিহত করতে এবং পাল্টা আক্রমণের জন্য কাজ করতে শুরু করেছে।”
ইরানের ফার্স নিউজ এজেন্সির খবর অনুযায়ী, ইরানের তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
সংবাদ সংস্থাটির খবরে আরও বলা হয়, ইরানের রাজধানী তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
সূত্র : আল-জাজিরা।
