কাদাভরা সড়কে ধান লাগিয়ে সংস্কারের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়া এবং বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ার প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কাদায় ধান রোপণ করে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

রবিবার বেলা ১১টার দিকে কৈখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী গ্রামে এ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।

পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ আদম গাজীর কেয়ার হিসেবে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে পানি জমে হাঁটুসমান কাদা তৈরি হয়। এতে পথচারীসহ সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও সড়কটির সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে সড়কের কাদায় ধান রোপণ করেছেন তারা।

স্থানীয় বাসিন্দা মো. এবাদুল ইসলাম বলেন, উপকূলীয় এলাকায় এমনিতেই মানুষের নানা ধরনের সংকট রয়েছে। এর মধ্যে একমাত্র চলাচলের সড়কটির বেহাল দশায় দুর্ভোগ আরও বাড়িয়েছে। শিশু-কিশোর শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারে না।

তিনি আরও বলেন, সবচেয়ে বড় সংকট তৈরি হয় জরুরি রোগী পরিবহনে। কাদার কারণে অ্যাম্বুলেন্সসহ কোনো যানবাহন চলাচল করতে পারে না। ফলে রোগীদের দীর্ঘ পথ নদীপথে ট্রলারে করে হাসপাতালে নিতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে জানিয়ে সুরাহা না পাওয়ায় প্রতীকী প্রতিবাদ কর্মসূচির পথ বেছে নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি দ্রুত সড়কটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রশিদ বলেন, বিষয়টি তিনি অবহিত হয়েছেন। সড়কটি দ্রুত কার্পেটিং করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর সড়কটি ‘বিজিবি সড়ক’ হিসেবে কার্পেটিং করার অনুমোদন করিয়েছিলেন। তবে একটি পক্ষ সড়কটি স্থানান্তর করায় প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়।বর্তমানে সড়কটি ‘সীমান্ত সড়ক’ প্রকল্পের আওতায় কার্পেটিং করার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে, খুব শিগগিরই সড়কটির দৃশ্যমান কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights