‘কাদা ছোড়াছুড়ি না করে ভোটারদের কাছে যান’

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে ভোটারদের কাছে যান। তাদের কাছে গিয়ে ভোট চান। কারণ আপনাদের মূল লক্ষ্য হবে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিত নিশ্চিত করা। ভোটাররা নির্বিঘ্নে যাতে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সে বিষয়ে লক্ষ্য রাখেতে হবে।

তিনি শুক্রবার বেলা ১২টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের বড় চাবিকাঠি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেলে গণতন্ত্র বলে কিছুই থাকবে না। বিষয়টি বিবেচনা করে নির্বাচন কমিশন বাংলাদেশের সকল নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছে। ভোটের মাঠে সকল ধরণের অপ্রীতিকর ঘটনা আইন-শৃঙ্খলা বাহিনী শক্ত হাতে প্রতিহত করবে।
অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ, রাজশাহী রিজিওনাল নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, ১৬ বর্ডারগার্ড ব্যাটালিয়ন নওগাঁর অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, এনএসআই বগুড়ার যুগ্ম পরিচালক মোহাঃ ইমাম উদ্দিন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস, আনসার ভিডিপি বগুড়ার জেলা কমান্ড শেখ ফিরোজ আহম্মেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্তকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্তকর্তা ও চেয়ারম্যান প্রার্থীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বগুড়ায় ততৃীয় ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights