কানাডায় কপিল শর্মার ক্যাফেতে হামলার পর ব্যবসা বেড়েছে ‘দ্বিগুণ’

শোবিজ ডেস্ক

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার কানাডার ক্যাফেতে পরপর তিনবার গুলির ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে কানাডায় নিজের শখের ‘ক্যাপস ক্যাফে’ চালু করেন তিনি। এরপরই ঘটে একের পর এক হামলা, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত মোট তিনবার কপিলের এই ক্যাফে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে ভাগ্যক্রমে প্রতিবারই ক্যাফেটি বন্ধ ছিল। প্রতিটি হামলার পরই এর দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক ডন গোল্ডি ব্রার এবং খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিং লাড্ডি। স্বাভাবিকভাবেই আতঙ্কের ছায়া নেমে আসে অভিনেতার জীবনে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই হামলা নিয়ে মুখ খুলেছেন কপিল শর্মা। জানালেন ক্যাফেতে হামলার ঘটনায় তার ‘শাপে বর’ হয়েছে। তিনি জানান, এই ঘটনার কারণে তার ক্যাফের ব্যবসায়িক সাফল্য অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেয়েছে। কপিল বলেন, আমার ক্যাফেতে গুলি চলার পর ব্যবসা দ্বিগুণ হয়েছে। যতক্ষণ সেটা হচ্ছে, ততক্ষণ আমার অসুবিধা নেই।

তিনি আরও জানান, হামলার ঘটনার পর কানাডার জাতীয় সংসদে তার ক্যাফেতে গুলি-কাণ্ড নিয়ে আলোচনা হয়েছে। যদিও তিনি সে দেশের পুলিশের দায়িত্ব পালনের ধরন নিয়ে কিছু প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি কপিল তার নতুন সিনেমা ‘কিস কিসকো প্যায়ার কারু ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন তিনি। অনুকল্প গোস্বামী পরিচালিত ছবিটি আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন মনজোত সিং, হীরা ওয়ারিনা, ত্রিধা চৌধুরী, পারুল গুলাটি এবং আয়েশা খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights