কানাডায় ভারতীয় বংশোদ্ভূত ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে ছুরিকাঘাতে হত্যা

অনলাইন ডেস্ক

কানাডার অন্টারিও প্রদেশে ভারতীয় বংশোদ্ভূত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ইউটিউবার ন্যান্সি গ্রেওয়ালকে (৪৫) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উইন্ডসর এলাকায় হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লাসাল পুলিশ সার্ভিস জানায়, রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ও প্যারামেডিক দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় গ্রেওয়ালকে উদ্ধার করে এসেক্স–উইন্ডসর এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের মাধ্যমে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। প্রাথমিকভাবে এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

তবে এখনো কোনো সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি। ঘটনার পেছনের কারণ ও পরিস্থিতি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

ন্যান্সি গ্রেওয়াল পঞ্জাবি সম্প্রদায়ের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার সরল ও উচ্ছ্বসিত মতামতের জন্য পরিচিত ছিলেন। বিভিন্ন ইস্যুতে খোলামেলা বক্তব্য দেওয়ার কারণে তিনি অনুসারীদের কাছে পরিচিতি পান। জেল হাজতে থাকা অবস্থায় এমপি অমৃতপাল সিং, শিরোমণি আকালি দল নেতা বিক্রম সিং মাজিথিয়া এবং গুরিন্দর সিং ডিলনকে নিয়েও তিনি সমালোচনামূলক মন্তব্য করেছিলেন।

এ ছাড়া ভারত–কানাডা সম্পর্ক এবং প্রো–খালিস্তান গোষ্ঠী সম্পর্কেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মতামত প্রকাশ করেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights