কানাডায় সড়ক দুর্ঘটনা: অ্যাঞ্জেলার প্রার্থনা, শাহরিয়ার ও দীপ্তর নামাজে জানাজা সম্পন্ন

আহসান রাজীব বুলবুল, কানাডা প্রতিনিধি

টরন্টোর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এর প্রার্থনা এবং ভিউয়িংয়ের (শেষ দর্শন) আয়োজন সম্পন্ন হয়েছে। রবিবার সন্ধ্যায় ইটোবিকোকের ১২১ সিটি ভিউ ড্রাইভে অবস্থিত লোটাস ফিউনারেল এন্ড ক্রিমেশন সেন্টারে এটা অনুষ্ঠিত হয়। সড়ক দুর্ঘটনায় নিহত শাহরিয়ার মাহির খান এবং আরিয়ান আলম দীপ্তর নামাজে জানাজা কানাডার স্থানীয় সময় সোমবার বাদ জোহর স্কারবোরোর ১ স্টামফোর্ড স্কয়ার নর্থে অবস্থিত মসজিদ আল-আবেদীনে সম্পন্ন হয় ।

নামাজে জানাজায় শাহরিয়ার ও দীপ্তর কলেজের বন্ধু-বান্ধব ও কলেজের ডিন, কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ, এমপিপি ডলি বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। জানাজার সময় পুরো মসজিদ আল আবেদীনে শোকের ছায়া নেমে আসে। টরোন্টো ছাড়াও দূরদূরান্ত থেকে জানাজায় জমায়েত হন।

জানাজার পর বাংলাদেশ কানাডিয়ান ফিউনারেল সার্ভিসের পক্ষ থেকে মাসুম আকতার বাপ্পী জানান, এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না কবে মরদেহ দেশে পাঠানো হবে। তবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কানাডায় আজ ছুটির দিন থাকায় আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যে নির্দিষ্ট করে বলা যাবে, কবে মরদেহ দেশে পাঠানো হবে। তিনি আরও জানান, ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে এসেছে শাহরিয়ার এবং দীপ্তর শরীর পুড়ে গেছে। কিন্তু আসলে কারও শরীর পুড়ে যায়নি।
নিহত শাহরিয়ার মাহির খান এবং আরিয়ান আলম দীপ্তর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বাংলাদেশ কানাডিয়ান ফিউনারেল সার্ভিসের পক্ষ থেকে তানভীর পরিবারের উদ্দেশ্য বলেন, আপনারা এখানে নেই, আপনাদের ছেলেরা এখানে লাশ হয়ে আছে। একটা জিনিস আপনাদের হলফ করে আমরা বলতে পারি, অনেক যত্ন করে আমরা আমাদের সার্ভিস থেকে তাদের গোসল করিয়েছি, আপনারা যেভাবে করতেন সেভাবেই আমরা আমাদের নিজেদের ছেলের মতো করে আমাদের ভাইয়ের মতো করে সকল কাজ করেছি।

অন্যদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে নিবিড় কুমার দে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। টরোন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকেরা তার শরীরের বিভিন্ন অংশ ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। কুমার বিশ্বজিৎ দম্পতি বর্তমানে টরোন্টো তে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights