কানাডায় ৩৭তম ফোবানার প্রস্তুতি
যুক্তরাষ্ট্র প্রতিনিধি
কানাডার মন্ট্রিয়লে জোরেশোরে শুরু হয়েছে ৩৭তম ফোবানা কনভেনশনের প্রস্তুতি। আগামী সেপ্টেম্বরের ১, ২ ও ৩ তারিখে শেরাটন লাভাল হোটেলে ‘প্রবাসে প্রাণের বাংলাদেশ’ স্লোগানে উত্তর আমেরিকার শতাধিক সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ফোবানার আসর।
সেমিনার, সাহিত্য সম্মেলন, বিজনেস লিডার্স সামিট, স্কলারশিপ, ট্যালেন্ট শো, ইয়ুথ ফোরাম, মুক্তিযোদ্ধা সম্মাননা, উত্তর আমেরিকার সংগঠনগুলোর পরিবেশনা ও বাংলাদেশের তারকা শিল্পীদের অংশগ্রহণে জমজমাট কনসার্ট দিয়ে সাজানো হয়েছে এবারের ফোবানার আসর। এছাড়া থাকবে বাহারি শাড়ি, গহনা ও দেশীয় খাবারের স্টল।
মঙ্গলবার সন্ধ্যায় সামগ্রিক প্রস্তুতির এসব তথ্য জানান মন্ট্রিয়ল ফোবানার কনভেনর মনিরুজ্জামান। তিনি জানিয়েছেন, কানাডার সর্বোচ্চ পর্যায়ের সরকারি ও রাজনৈতিক কর্মকর্তা এবং বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা অতিথি হিসেবে থাকার সম্ভাবনা প্রবল।
৫২ দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের সমন্বয়ে গঠিত ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নির্বাহী ভাইস চেয়ার ও ফোবানার কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন আতিকুর রহমান জানান, বিজনেস লিডার্স সামিট ও লাঞ্চে উত্তর আমেরিকার বিশিষ্ট ব্যবসায়ীরা অংশ নেবেন। কানাডা ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও স্কলারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক সেমিনার।
ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ড. রফিক খান বলেন, মন্ট্রিয়ল ও বাংলাদেশের নির্দিষ্টসংখ্যক মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ প্রদান অনুষ্ঠান থাকবে ফোবানায়।
মেম্বার সেক্রেটারি হাফিজুর রহমান জানিয়েছেন, ফ্যাশন শো, গীতি আলেখ্য, নৃত্যানুষ্ঠান ইত্যাদি থাকবে প্রতিদিনের সাংস্কৃতিক পর্বে। বাংলা সংগীতের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, সুপার স্টার হাবিব ও বালাম, জনপ্রিয় ইবরার টিপু, প্রজন্মের ক্রেজ বিন্দু কণা, নাটকের ক্রেজ মীর সাব্বির ও পায়েলসহ জনপ্রিয় শিল্পীরা থাকবেন ফোবানার সান্ধ্যকালীন কনসার্টে।
মেম্বার সেক্রেটারি (অ্যাডমিন) অভিজিৎ দে এবং যুগ্ম মেম্বার সেক্রেটারি শাকিল আহমেদ, কো-কনভেনর শাহদাৎ হোসেন শিল্পী, রনজিত মজুমদার, রাজ মাহবুব, মিজান রহমান, বদরুল চৌধুরী, মাইজুল ইসলাম, শাহ মো. ফায়েক স্মরণীয় একটি ফোবানা সম্মেলন আয়োজনে পুরো টিম নিয়ে কাজ করছেন।
কনভেনশন চেয়ারম্যান ব্যবসায়ী শামিমুল হাসান, ভাইস চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও চিফ কো-অর্ডিনেটর আনোয়ার হোসাইন মন্ট্রিয়লে ফোবানার আসরকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
