কানাডীয় কোম্পানি যুক্তরাষ্ট্রে ফিরলে শুল্ক দিতে হবে না: ট্রাম্প

অনলাইন ডেস্ক
কানাডার সঙ্গে বাণিজ্যযুদ্ধের উত্তাপের মধ্যেই দেশটির কোম্পানিগুলোকে ‘অবিলম্বে’ যুক্তরাষ্ট্রে ফিরে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নতুন শুল্ক এড়াতে কানাডীয় কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে তাদের সদর দপ্তর ও উৎপাদন কার্যক্রম সরিয়ে নেওয়া উচিত। সেখানে ফিরলে কোনো শুল্ক দিতে হবে না বলেও জানান তিনি।

ট্রাম্প লিখেছেন, আমেরিকার সঙ্গে ব্যবসা করা সব কানাডীয় কোম্পানির অবিলম্বে যুক্তরাষ্ট্রে চলে আসা উচিত।

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ট্রাম্পের এই মন্তব্য এলো। সম্প্রতি দুগ্ধপণ্য ও কাঠসহ কিছু কানাডীয় পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। জবাবে যুক্তরাষ্ট্রের ইস্পাত, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে কানাডা।

অন্য এক পোস্টে ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অন্যতম ‘সবচেয়ে খারাপ’ বাণিজ্য অংশীদার বলে মন্তব্য করেন। অথচ কানাডা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে প্রতি বছর প্রায় ৯০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যক্রম রয়েছে।

ট্রাম্প বলেন, তিনি কানাডার গাড়ি, যন্ত্রাংশ কিংবা অন্য কোনো পণ্য চান না। তাঁর দাবি, কয়েক দশক ধরে কানাডা যুক্তরাষ্ট্রকে ঠকিয়ে আসছে।

এদিকে কানাডার রাজনৈতিক নেতারা ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। ওন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বলেছেন, বাণিজ্যযুদ্ধ দুই দেশের অর্থনীতির জন্যই ব্যাপক ক্ষতিকর হবে। লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার ট্রাম্পের সিদ্ধান্তও প্রত্যাখ্যান করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অবশ্য সতর্ক করে বলেছেন, কানাডা আরও পাল্টা ব্যবস্থা নিলে যুক্তরাষ্ট্রও তার জবাব দেবে।

সূত্র, রয়টার্স, আন্দুলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights