কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত

বাসস

রাঙামাটির কাপ্তাই লেকে পানি স্বল্পতায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

পানি স্বল্পতার কারণে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বন্ধ রয়েছে ৩টি ইউনিট। বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বর্তমানে ২টি ইউনিট হতে।

এই ২ ইউনিট হতে শুধুমাত্র ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বুধবার বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে কাপ্তাই লেকের পানির স্তর দিন দিন কমতে থাকে। চলতি সপ্তাহে মাঝে মাঝে বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় অনেক কম। আজকের তারিখে যেখানে কাপ্তাই লেকে রুল কার্ভ অনুযায়ী পানির লেভেল ৭৮.৩৪ ফুট মিন সি লেভেল থাকার কথা, তবে সেখানে আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৩.৯১ ফুট মিন সি লেভেল। এখনো পানির লেভেল ৪.৪৩ ফুট মিন সি লেভেল কম আছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র ২টি ইউনিট হতে ৫৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এরমধ্যে ২নং ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ৩ নং ইউনিট হতে ২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। সহসা মুষলধারে বৃষ্টি না হলে বাকি ইউনিট গুলো চালু করা সম্ভব হবে না বলে জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights