কারসাজি করে বাড়তি দামে খেজুর বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফলের পাইকারি বাজার ফলমণ্ডিতে অভিযান চালিয়ে বাড়তি দামে খেজুর বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ মার্চ) দুপুরে আদালত পরিচালনার সময় ফল ব্যবসায়ীদের বিভিন্ন জালিয়তির বিষয়টি ধরা পড়ে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জানান, রাজস্ব ও শুল্ক ফাঁকি দিতে উন্নত জাতের খেজুরকে নিম্নমানের খেজুর দেখিয়ে আমদানি করেছেন ব্যবসায়ীরা। সে খেজুর আবার ফলমণ্ডিতে তিন থেকে চারগুণ দামে বিক্রি করা হচ্ছিলো। ফলমণ্ডি ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, আমদানিকারক ও কমিশন এজেন্টরা সিন্ডিকেট করে বাড়তি দরে খেজুুরসহ বিভিন্ন ফল বিক্রি করছেন।
অভিযানের সময় আমদানি নথি যাচাই করে দেখা যায়, ফলমণ্ডিতে ১২ জন আমদানিকারক গত জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪০ হাজার ২৪ মেট্রিক টন খেজুর আমদানি করেছেন। এগুলো কেজিপ্রতি গড়মূল্য ৮৯ টাকা ৩৬ পয়সা। এরমধ্যে আমদানিকারক ‘আল্লাহর রহমত স্টোর’ গত চার মাসে ৩৩টি এলসির মাধ্যমে ২ হাজার ৫৭২ মেট্রিক টন খেজুর আমদানি করে কেজিপ্রতি ৭০ টাকা ১৪ পয়সা দরে। ‘আলী জেনারেল ট্রেডিং’ ১৬৮ মেট্রিক টন খেঁজুর কেজিপ্রতি ১০৪ টাকা দরে আমদানি করে।

অথচ ফলমণ্ডির ব্যবসায়ীরা পাইকারি দরে প্রতি কেজি আজওয়া ৭৫০ থেকে ১ হাজার টাকা, মাবরুম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, মরিয়ম ৫০০ থেকে ৮০০ টাকা, দাবাস ৪০০ থেকে ৬০০ টাকা, জাহিদি ২০০ থেকে ২৫০ টাকা, মেজডুল খেজুর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা ও আলজেরিয়া খেজুর ২৫০ থেক ৪০০ টাকা দরে বিক্রি করছিলো।

অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights