কারাগারে সাবেক ডেপুটি স্পিকার টুকু

অনলাইন ডেস্ক

পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকেলে এ আদেশ দেন পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচার মুস্তাফিজুর রহমান।

এর আগে, বিকেল ৪টার দিকে তাকে কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে আদালতে নেওয়া হয়। সেখানে টুকুর জামিন আবেদন করেন তার পক্ষের আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত বছরের ৬ নভেম্বর পাবনার আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন বেড়া পৌরসভার বৃশালিখা মহল্লার ব্যবসায়ী মির্জা মেহেদি হাসান বাদী হয়ে। মামলায় সাবেক ডেপুটি স্পিকার টুকু, তার ভাই সাবেক পৌর মেয়র আব্দুল বাতেন, টুকুর ছেলে সাবেক পৌর মেয়র আসিফ শামস রঞ্জনসহ ১১ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, ২০১৪ সালের ৬ মে অভিযুক্ত টুকুসহ অন্যরা ব্যবসায়ী মির্জা মেহেদি হাসানের মার্কেট ও জমি দখলসহ চাঁদাবাজি করেছিলেন। এছাড়া, পট পরিবর্তনের পরে গত বছরের ১০ ও ১২ সেপ্টেম্বর টুকুর দোসররা একইভাবে চাঁদাদাবিসহ ওই জমিতে যেতে দেননি। মামলাটি আমলে নিয়ে বেড়া থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে ১১ জনকে অভিযুক্ত করে গত বছরের ২৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights