কারামুক্তির পর এখন চার্চের স্বেচ্ছাসেবক প্যারালিম্পিক জয়ী পিস্টোরিয়াস

স্পোর্টস ডেস্ক

একসময় বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম আলোচিত অ্যাথলেট ছিলেন দক্ষিণ আফ্রিকার প্যারালিম্পিক তারকা অস্কার পিস্টোরিয়াস। ‘ব্লেড রানার’ নামে পরিচিত এই দৌড়বিদ এখন কারামুক্তির পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। বর্তমানে তিনি নিয়মিত চার্চে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।

২০০৪ সালের প্যারালিম্পিকে প্রথম পদক জয়ের পর বিশ্বমঞ্চে পরিচিতি পান পিস্টোরিয়াস। ২০০৮ বেইজিং প্যারালিম্পিকে তিনটি স্বর্ণ এবং ২০১২ লন্ডন প্যারালিম্পিকে দুটি স্বর্ণ ও একটি রৌপ্য জিতে তিনি ইতিহাস গড়েন। একই বছর দুই পা হাঁটুর নিচ থেকে না থাকা অবস্থায় কৃত্রিম পা নিয়ে অলিম্পিকে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি।

তবে ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে হত্যার ঘটনায় তার ক্যারিয়ারে নাটকীয় পতন ঘটে। পিস্টোরিয়াসের দাবি ছিল, তিনি ভুলবশত স্টিনক্যাম্পকে অনুপ্রবেশকারী ভেবে গুলি করেছিলেন। পরে আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড ভোগ করেন তিনি।

২০২৪ সালে কারাগার থেকে মুক্তির পর দীর্ঘ সময় জনসম্মুখের বাইরে ছিলেন পিস্টোরিয়াস। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার উপকণ্ঠের ওয়াটারক্লুফ এলাকায় বসবাস করছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, পিস্টোরিয়াস এখন অনেকটাই শান্ত ও সাধারণ জীবনযাপন করছেন। প্রতিদিন সকালে পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হন এবং নিয়মিত একটি চার্চে গিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। সেখানে তিনি গাড়ি পার্কিংয়ে সহায়তা করা থেকে শুরু করে কফি পরিবেশনসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি নতুন সঙ্গী রিটা গ্রেলিংয়ের সঙ্গে বসবাস করছেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। যদিও তিনি বর্তমানে কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন কি না, সে বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

স্থানীয়রা আশা করছেন, কঠিন অতীত পেছনে ফেলে পিস্টোরিয়াস ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। তবে রিভা স্টিনক্যাম্পের পরিবার এখনও তাকে হত্যার দায়ে দোষী হিসেবেই দেখে।

সূত্র: দ্য সান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights