কালিয়াকৈরে মৎস্য কোম্পানির পরিচালনা নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালনা ও নিয়ন্ত্রণ নিয়ে শেয়ারহোল্ডারদের মধ্যে চরম বিরোধের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় উভয় পক্ষই কালিয়াকৈর থানায় পৃথক অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৯০ সালে কালিয়াকৈর থানাধীন গলাচিপা এলাকায় গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠিত হয়।

অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটিতে ১৮ জন শেয়ারহোল্ডার রয়েছেন। তাদের কয়েকজনের অভিযোগ, কোম্পানির প্রচলিত আইন ও বিধি অনুসরণ না করে অন্যান্য শেয়ারহোল্ডারদের সঙ্গে আলোচনা ছাড়াই একটি পক্ষ প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করছে।

অভিযোগে আরও বলা হয়, কোম্পানির কাগজপত্র নিয়ে অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হচ্ছে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কয়েকজন শেয়ারহোল্ডারকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগকারীরা দাবি করেন।

তাদের ভাষ্য, গত ১০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কোম্পানির বিভিন্ন স্থানে স্থায়ী অবকাঠামো ও ঘর নির্মাণের কাজ চলতে দেখে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেখানে যান তারা এ সময় কাজের বিষয়ে আপত্তি জানালে তাদের বাধা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন তারা।

অভিযোগকারীরা জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার একাধিক চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে তারা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে আবু আব্দুল্লাহ, মো. রেজাউল করিম রিপন ও মো. সুরত আলীসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগে নাম থাকা পক্ষের একজন এসব অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, এ বিষয়ে তারাও থানায় একটি অভিযোগ দিয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেওয়ানী প্রকৃতির হওয়ায় আদালতের মাধ্যমে সমাধানের জন্য উভয় পক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights